ইরানের সঙ্গে চলমান সংঘাত ও তীব্র উত্তেজনার আবহেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই আগ্রহ দেখান।
সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে ট্রাম্প দাবি করেন, গুরুত্বপূর্ণ এই জলপথটি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি লেখেন, ‘‘এখন যেহেতু হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তবে কি এটির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?’’
ট্রাম্পের এই দাবি ও প্রস্তাব এমন এক সময়ে এল, যখন অঞ্চলটিতে সংঘাত চরম রূপ নিয়েছে। গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় দুই শিশুসহ চারজন নিহত ও ৬০ জনের বেশি আহত হন। এর জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে খনিজ তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে, যার প্রভাব পড়েছে খোদ মার্কিন অভ্যন্তরীণ বাজারেও। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটিতে পেট্রলের দাম বেড়ে প্রতি গ্যালন ৪ দশমিক ১২ ডলারে পৌঁছেছে।
মার্কিন প্রশাসন জলপথটি খোলা ও নিরাপদ দাবি করলেও, ইরান সাফ জানিয়ে দিয়েছে এটি এখনো বন্ধ এবং তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। সম্প্রতি প্রণালীতে সৌদি তেল ট্যাংকারে হামলা ও ২ নাবিকের প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নতুন করে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়। ট্রাম্প ছয় সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও তা সপ্তম মাসে গড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ নিজের নিয়ন্ত্রণে রয়েছে- এমনটা দেখাতেই এর আগে হরমুজকে ‘যুক্তরাষ্ট্রের এলাকা’ দাবি করা বা কানাডা সীমান্তে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ ঘোষণার মতো এটিও ট্রাম্পের একটি মনস্তাত্ত্বিক ও বিতর্কিত প্রচার কৌশল।