শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আজ ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেলে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলার কালীবাড়ি এলাকায় কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং মুন্সীগঞ্জের মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দিরের আয়োজনে শোভাযাত্রাটি কালীমন্দির থেকে শুরু হয়ে থানা পুলপাড়, সুপার মার্কেট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কালীমন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ মন্দির, বাগমামুদালীপাড়া রাধাগোবিন্দ মন্দির, মালপাড়ার জগন্নাথ জিউর মন্দির এবং সদর হাসপাতাল এলাকার বলদেব-সুভদ্রা মহারানী মন্দিরের পূণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
জন্মাষ্টমী উৎসবকে ঘিরে মুন্সীগঞ্জ জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের কঠোর তদারকিতে পরিচালিত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যদেরও দায়িত্বে নিয়োজিত করা হয়।
এছাড়া শোভাযাত্রার রুটে যানজট নিয়ন্ত্রণ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।
উৎসব চলাকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মন্দিরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।