ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ আজ শনিবার (৫ সেপ্টেম্বর)।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে সকাল ৮ টায় শুরু হয়ে রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে দীর্ঘ এই কর্মসূচি।লংমার্চ সফল করতে ইতোমধ্যে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চালিয়েছে জোটভুক্ত দলগুলো।

লংমার্চে শুরুতে পাঁচ-ছয় হাজার গাড়ি নেওয়ার পরিকল্পনা থাকলেও জ্বালানি সংকট ও সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে তা কমিয়ে প্রায় এক থেকে দেড় হাজার গাড়ি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি আরো বলেন, পথে পথে আরো এক হাজার গাড়ী যুক্ত হবে।

ঢাকা থেকে বের হওয়ার পর সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় প্রথম পথসভা। এরপর দুপুর ১২টার দিকে কুমিল্লার নূরজাহান হোটেলের বিপরীতে নির্ধারিত স্থানে সমাবেশ, যোহরের নামাজ ও খাবারের বিরতি।

বেলা ৩টার দিকে ফেনীর মহিপাল এবং বিকেল ৫টার দিকে মিরসরাইয়ে পথসভা ও আছরের নামাজের বিরতী। এরপর রাত ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছে লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

লংমার্চে কোনো ধরনের হামলা বা বাধা দেওয়া হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, যত বাধাই আসুক, লংমার্চ ঠেকানো যাবে না এবং জনগণই সেখানে প্রতিরোধ গড়ে তুলবে।

লংমার্চকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে শাপলা চত্বরে সমাবেশের মঞ্চ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি কর্মসূচিতে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানান

লংমার্চের নেৃতৃত্ব দিবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জামায়াত আমিরের সঙ্গে থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমীসহ জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

লংমার্চের ধারাবাহিকতায় সেপ্টেম্বর-অক্টোবরে রংপুর, খুলনা ও সিলেট অভিমুখে আরও তিনটি লংমার্চ এবং আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনাও রয়েছে ১১ দলীয় ঐক্যের।