জন্মাষ্টমী উৎসব-২০২৬উপলক্ষে মুন্সীগঞ্জে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলার বিভিন্ন থানা এলাকায় ধর্মীয় উৎসব ও শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশের বিশেষ টিম এবং ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমী উদযাপিত হয়।
মুন্সীগঞ্জ সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীমন্দির থেকে শুরু হয়ে থানা পুলপাড়, সুপার মার্কেট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ মন্দির, বাগমামুদালীপাড়া রাধা গোবিন্দ মন্দির, মালপাড়া জগন্নাথ জিউর মন্দির এবং সদর হাসপাতাল এলাকার বলদেব শুভদ্রা মহারানী মন্দিরের পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের সার্বিক তদারকিতে জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রার নিরাপত্তায় জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। শোভাযাত্রার বিভিন্ন রুট ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়।
এ ছাড়া সাদা পোশাকের পুলিশ সদস্য ও গোয়েন্দা পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে। ফলে শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমীর বিভিন্ন আয়োজন ও শোভাযাত্রা সম্পন্ন হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।