বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ সুজিত (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের রুপধন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সুজিত কাকচিড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রুপধন গ্রামের তাপস বিশ্বাস ও ঊষা রানী দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামালের নেতৃত্বে এসআই সৌরভ সাহা ও সঙ্গীয় ফোর্স কাকচিড়া বাজারে টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রুপধন এলাকায় জনৈক মো. সিদ্দিকের চায়ের দোকানের সামনের রাস্তায় মাদক ক্রয়-বিক্রয় চলছে।

খবর পেয়ে পুলিশের আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাঁ পকেট থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার টাকা। দুপুর ১টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত আলামত আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।

এ বিষয়ে আভিযানিক দলের নেতৃত্ব দেওয়া এসআই মো. মোস্তফা কামাল জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।