মুন্সিগঞ্জ প্রতিনিধি: অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আলাউদ্দিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। পরে তিনি ওসি মো. আলাউদ্দিনের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজদিখান থানায় যোগদানের পর থেকেই ওসি মো. আলাউদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারি পরোয়ানা তামিলে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। আগস্ট মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়নে তাঁর কর্মদক্ষতা ও সাফল্যের ভিত্তিতে তাঁকে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

ওসি মো. আলাউদ্দিন গত ১১ জুন ২০২৬ তারিখে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।