মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরাই সিএনজি বিক্রির চেষ্টার অভিযোগে পেশাদার চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে শ্রীনগর থানাধীন বালাশুর বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় সিএনজিসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সাজ্জাদ হোসেন শুভ (২০), পিতা শরীফ, সাং আলদী রাজারচর, মুন্সীগঞ্জ; ইমরান (২০), পিতা আজিজুল, সাং টেংরামারা ক্যাম্প, হালুয়াঘাট, ময়মনসিংহ এবং সিয়াম হোসেন (১৯), পিতা মুন্না, সাং মাধবপুর চা বাগান, কমলগঞ্জ, মৌলভীবাজার।

পুলিশ জানায়, বুধবার বিকেল ৫টার দিকে তিনজন একটি চোরাই সিএনজি বালাশুর বাজারের স্থানীয় ইয়াছিন মোল্লার কাছে বিক্রির প্রস্তাব দেয়। ইয়াছিন মোল্লা সিএনজির কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এতে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় সিএনজিসহ তিনজনকে আটক করে এবং গাড়িটি জব্দ করে।

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা জানান, সঠিক কাগজপত্র না থাকায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একপর্যায়ে তারা শিকার করেন তারা এই সিএনজি চুরি করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।