মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বছরের নাতিকে আছাড় দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে অভিযুক্ত দাদী মুক্তা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুক্তা বেগম শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কাননিসার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তোফায়েল খানের স্ত্রী।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাননিসার এলাকায় তোফায়েল খানের বসতবাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে মুক্তা বেগম তার দুই বছরের নাতি নাফিন খানকে আছাড় দিয়ে ফেলে দেন। এ ঘটনার সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ২৫ সেপ্টেম্বর এটি ব্যাপকভাবে ভাইরাল হয়।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। মামলার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মুক্তা বেগমকে গ্রেপ্তার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।