মুন্সীগঞ্জের শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ হেলাল বেপারী (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মধ্যহাটি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল বেপারী শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার মৃত কালাই বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ৈখালী হাসপাতাল রোডের মধ্যহাটি এলাকায় জরিনা বেগমের পুকুরসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায় শ্রীনগর থানা পুলিশ। এ সময় হেলাল বেপারীকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার পরিহিত হাফ প্যান্টের ডান পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে শ্রীনগর থানা পুলিশ অংশ নেয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হেলাল বেপারীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।