মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং কাচ্চি বিরিয়ানিতে নন-ফুড গ্রেড কাপড়ের রং ব্যবহারের অভিযোগে একটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে উপজেলার নবাব কাচ্চি ডাইন নামের ওই রেস্তোরাঁয় খাবার প্রস্তুতের পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের পাশাপাশি কাচ্চি বিরিয়ানির রং আকর্ষণীয় করতে খাদ্যোপযোগী নয় এমন কাপড়ের রং ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

পরে এসব অনিয়মের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা এবং অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।