সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড নিয়ে টেলিভিশন টকশোতে দেওয়া মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি বলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক, তা চাই না।’
তবে পরবর্তী সময়ে নিজের ওই মন্তব্যকে সম্পূর্ণ ভুল উল্লেখ করে তা প্রত্যাহার করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কামরুজ্জামান রতন বলেন, তাঁর মন্তব্যে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে কষ্ট ও আঘাত লেগে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। এ জন্য তিনি সবার কাছে ক্ষমাপ্রার্থী।
বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, মানুষ ভুল করতেই পারে। তবে ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
মন্তব্য করুন