মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিজের কন্যাশিশুকে ধর্ষণের দায়ে এবাদত মীর (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত সাজা ভোগ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ জানুয়ারি লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ সুযোগে এবাদত মীর নিজের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এজাহার অনুযায়ী, ঘটনার দিন নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে ২০১৫ সালের ১৯ জানুয়ারি লৌহজং থানায় মামলা করেন।
মামলার অভিযোগ ও সাতজন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় তাকে দণ্ডিত করা হয়েছে।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।
মন্তব্য করুন