মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে গুরুতর আহত স্ত্রী রিতা আচার্যের মৃত্যুর শোক সইতে না পেরে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী হরি আচার্যের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এর আগে, গত ১৮ আগস্ট পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান রিতা আচার্য (৪৫)। অভিযোগ রয়েছে, মাদকাসক্ত দেবর রুহি আচার্য ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর তার মৃত্যু হয়।
স্ত্রীর গুরুতর আহত হওয়ার সংবাদ পেয়ে প্রবাস থেকে দেশে ছুটে আসেন হরি আচার্য। তবে স্ত্রীর মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীর মৃত্যুর শোক তিনি সইতে পারেননি। অবশেষে বুধবার সকালে, ৩ সেপ্টেম্বর, চিকিৎসাধীন অবস্থায় হরি আচার্য মারা যান।
একই পরিবারের স্বামী-স্ত্রীর পরপর মৃত্যুর ঘটনায় ভাগ্যকুল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিতা আচার্যকে ধারালো অস্ত্র দিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত রুহি আচার্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন