মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১৯ পিস ইয়াবাসহ একজন, ৩০ গ্রাম ও ২০ গ্রাম গাঁজাসহ দুজন, সাজা ওয়ারেন্টভুক্ত দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজন এবং সন্ত্রাসবিরোধী আইনে একজন রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) শ্রীনগর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সাজা ওয়ারেন্টভুক্ত মোঃ জাহিদুল ইসলাম (৩৬) ও **রবিদা বেগম (৪৫)**কে গ্রেফতার করা হয়।
এ সময় ১৯ পিস ইয়াবাসহ **মোঃ ইমন দেওয়ান (২৫)**কে গ্রেফতার করা হয়। তিনি শিবরামপুর এলাকার হাবিব দেওয়ানের ছেলে।
অন্য একটি অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মোঃ নেসার উদ্দিন (৫৩) এবং ২০ গ্রাম গাঁজাসহ **মোঃ সাইদুল ইসলাম শেখ (৩৮)**কে গ্রেফতার করা হয়। নেসার উদ্দিন শ্যামসিদ্ধি গ্রামের মৃত রুস্তম বেপারীর ছেলে এবং সাইদুল ইসলাম শেখ একই এলাকার মোঃ গাছি শেখের ছেলে।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় **মোঃ ইমরান হোসেন খান (৩৫), তাবিকুল (২২), রুহান লিমন (২২) ও নয়ন আকন (২৩)**কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনে জাহিদুল ইসলাম কাজল (৩৫) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি পশ্চিম বাড়ৈখালী এলাকার মৃত শাহজাহান চৌধুরীর ছেলে এবং পুলিশ সূত্রে তাকে বাড়ৈখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেফতার ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে
মন্তব্য করুন