মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘরে বসে কালার প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের একটি একতলা ভবনের উত্তর পাশের কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ২০০ টাকার নোটের আদলে তৈরি মোট দুই লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গ্রেপ্তার শ্রাবন হোসেন মান্দ্রা এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। তিনি আগে থেকেই নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকায় পৌঁছে দিতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন