শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬|২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ|২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সাম্প্রতিক

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, সমাজকর্মীর ভিডিও ভাইরাল

নোয়াখালীর কবিরহাটে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে এক নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক ইউনিয়ন সমাজকর্মীর বিরুদ্ধে।

এ ঘটনায় ওই কর্মকর্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আরেক নারীকে ভাতার কার্ড করে দেয়ার কথা বলে ঘুষ চাওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

​অভিযুক্ত কর্মকর্তার নাম মফিজুর রহমান। তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর, ধানসিঁড়ি, সুন্দলপুর ও বাটইয়া ইউনিয়ন এবং কবিরহাট পৌরসভা এলাকায় সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় সাড়ে চার মিনিটের ভিডিওতে এক নারীর সঙ্গে মফিজুর রহমানকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। অভিযোগ রয়েছে, ওই নারীকে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক তৈরি করা হয়।

​তবে অভিযোগ অস্বীকার করে মফিজুর রহমান দাবি করেছেন, ওই নারী তার পূর্বপরিচিত। তার ভাষ্য, একদিন ওই নারী তাকে একটি কক্ষে নিয়ে শরবতের সঙ্গে চেতনাভূষক কিছু মিশিয়ে খাওয়ান। এরপর কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

​এদিকে, আরেক নারীকে ভাতার কার্ড করে দেয়ার কথা বলে তিন হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগও উঠেছে মফিজুর রহমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও কথোপকথনও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

​কবিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগ ও ভিডিওর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

​জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান জানান, অভিযোগের তদন্তে সহকারী পরিচালককে (প্রশাসন, অর্থ ও প্রতিষ্ঠান শাখা) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

​তদন্ত প্রতিবেদনে পাওয়া তথ্য ও সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *