জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ছাড়াও মোবাইল সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড, এসএমএস ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ওই ৪ পুলিশ সদস্য হলেন- ওয়ারী থানার কনস্টেবল নিজাম উদ্দীন, ডেমরা থানার কনস্টেবল সাইমন হোসেন রাশেদ ও মাসুম মিয়া এবং তুরাগ থানার কনস্টেবল মো. জিহাদ মিয়া।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩; বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় ওই ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ মামলাটির তদন্ত করছে বলে জানা গেছে।
মন্তব্য করুন