মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর কাছে পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি হরগঙ্গা কলেজ শাখা।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপাচার্যের কাছে দেওয়া লিখিত প্রস্তাবনায় এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি আজিজুল হাকিম।
প্রস্তাবনায় প্রতিটি শ্রেণিকক্ষে স্মার্ট বোর্ড স্থাপন, যেসব বিষয়ে মাস্টার্স চালু নেই সেসব বিষয়ে মাস্টার্স ও প্রিলিমিনারি মাস্টার্স কোর্স চালু, অন্তত ৫০টি কম্পিউটার সমৃদ্ধ ডেডিকেটেড আইসিটি ল্যাব স্থাপন এবং বিজ্ঞান বিষয়গুলোর জন্য পৃথক বিশেষায়িত ল্যাবরেটরি স্থাপনের দাবি জানানো হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।
লিখিত প্রস্তাবনায় কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক বরাদ্দ দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন