মুন্সিগঞ্জ সদর উপজেলায় বোতলজাত সয়াবিন তেল পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণে অনিয়মের দায়ে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
৫ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার তেল কম
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ফর্টিফাইড সয়াবিন তেলের পরিমাপ যাচাই করে বিভিন্ন আকারের বোতলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল পাওয়া যায়। এর মধ্যে ৫ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, ২ লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং ১ লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম ছিল।
এ ছাড়া পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ ছাড়াই ফর্টিফাইড সয়াবিন তেল মোড়কজাত ও বিক্রির বিষয়টি শনাক্ত করেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইন অনুযায়ী জরিমানা
এসব অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
এ সময় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে. এম. হানিফ এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মেট্রোলজি পরিদর্শক মো. হাফিজুর রহমান।
বিএসটিআই জানিয়েছে, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বিক্রি, পরিমাপে কম দেওয়া, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও নজরদারিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন