মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ রোমান হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। গত ১৩ তারিখ রাতে উপজেলার একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক রোমান উপজেলার চোরমর্দন গ্রামের তাজুল ইসলামের ছেলে।
জানা যায়, এর আগে ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তির অভিযোগে রোমান হাওলাদারের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়। ঢাকা সাইবার ট্রাইবুনালে মামলাটি করেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোছাইন।
বাদীপক্ষের আইনজীবী সানজিদা খানম ইভা জানান, মামলাটি (নং ৩৩/২০২৪) আমলে নিয়ে আদালত ঢাকা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট নিজের ফেসবুক আইডি থেকে প্রচার করেছেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সিরাজদিখানের সামাজিক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন ও সাংবাদিক ইকবালের বিরুদ্ধে ২০২৪ সালের ২২ জানুয়ারি বিকেল ৪টা ৫৬ মিনিটে চরম কুরুচিপূর্ণ, অবমাননাকর ও অশ্রাব্য ভাষায় কটূক্তি করা হয়। এটি সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ২১, ২৫ ও ২৯ ধারায় অপরাধের শামিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোমান হাওলাদারের বিরুদ্ধে নারীসংক্রান্ত কেলেঙ্কারি, মাদক সেবন, চুরি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে নারীসংক্রান্ত একটি ঘটনায় তিনি এক বছরের সাজা পেয়েছিলেন। মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৮ দিনের কারাদণ্ড দেন। এসব বিষয়ে সিরাজদিখান থানায় তাঁর নামে একাধিক সাধারণ ডায়েরি, অভিযোগ ও মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সাংবাদিক মোক্তারের ক্যামেরা চুরির অভিযোগে থানায় অভিযোগ করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সিরাজদিখান প্রেসক্লাব থেকে থানায় লিখিত আবেদন দেওয়া আছে।
স্থানীয়দের অভিযোগ, তাঁর কর্মকাণ্ডে উপজেলার সাধারণ মানুষ ও সাংবাদিকেরা ক্ষুব্ধ ছিলেন। অতিষ্ঠ হয়ে এলাকাবাসী একাধিকবার তাঁকে গণপিটুনি দিয়েছে বলেও জানা গেছে।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন