মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সকালে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় ফারদিন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিঠু (২২) নামে আরও একজন আহত হয়েছেন। বিকেলে একই এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য জানান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় দুর্ঘটনার খবর পায় শ্রীনগর ফায়ার স্টেশন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
প্রাথমিক তথ্যমতে, একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁদের চাপা দিলে তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ফারদিন ও মিঠুকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ফারদিনের বাবার নাম মিলন। তাঁর বাড়ি শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকায়। আহত মিঠুর বাড়ি একই উপজেলার বাঁশপট্টি এলাকায়।
অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে ফারদিনের মৃত্যু হয়।
বিকেলে বাস-ট্রাকের সংঘর্ষ
এদিকে, একই দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগরের ছনবাড়ী এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়ও শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, বেপরোয়া গতির কারণে স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টাইলসবোঝাই একটি ধীরগতির ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
পরে আহত যাত্রীদের পরিস্থিতি সামাল দিয়ে অন্য গাড়িতে করে তাঁদের গন্তব্যে পাঠানো হয়। দ্রুত উদ্ধারকাজ পরিচালনার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
চালকদের প্রতি ফায়ার সার্ভিসের সতর্কবার্তা
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
একই দিনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি দুর্ঘটনার ঘটনায় সড়কে নিরাপদে চলাচল এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে।
মন্তব্য করুন