ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে উপজেলার তিনটি ইউনিয়নের একটি করে ওয়ার্ডে পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ের এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের পর পুরো উপজেলায় তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন।
ইউএনও জানান, প্রথম পর্যায়ে ধোবাউড়া সদর, গোয়াতলা ও বাঘবেড় ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালিত হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী সময়ে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুল সালেহীন, গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন।
প্রেস ব্রিফিং শেষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্বে থাকা তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের প্রস্তুতিও এগিয়ে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন