মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবেশীর বসতবাড়ির জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ষোলঘর ইউনিয়নের পুরহিতপাড়া এলাকার অনিল দাস (৪০) ও সুনিল দাস (৪৫)—উভয় পিতা মৃত লাল মোহন দাস, এবং ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি রনি (৪৫)-র বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, পুরহিতপাড়া এলাকার ভুক্তভোগী পরিবারের সঙ্গে ১ ও ২ নম্বর বিবাদীদের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ভুক্তভোগী অমিত দাস বাদী হয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা (নং-৩১২/২০২২) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীরা গত ১০ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে কতিপয় লোকজনকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের প্রস্তুতি নেন। এতে ভুক্তভোগী বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে উদ্যত হয় এবং খুন-জখমের হুমকি দেয়। পরে ভুক্তভোগী শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকতে বলে এবং বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার আশ্বাস দেয়।
তবে পুলিশের নির্দেশ অমান্য করে গত ১২ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১২টার দিকে বিবাদীরা পুনরায় উক্ত বসতবাড়িতে এসে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এতে ভুক্তভোগীর ছেলে অমিত দাস (৩১) প্রতিবাদ করলে ৩ নম্বর বিবাদী ও বিএনপি নেতা রনি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। একই সঙ্গে গত ১৩ সেপ্টেম্বর জমিতে ঘর তোলা হবে এবং এতে বাধা দিলে অমিত দাসকে খুন-জখম করা হবে বলে হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ওই দিনই বেলা ১টার দিকে ভুক্তভোগী পুনরায় শ্রীনগর থানায় অভিযোগ দিতে আসার পথে দেউলভোগ এলাকায় পৌঁছালে বিবাদীরা তাকে দ্বিতীয় দফায় মারধর ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তফসিল সূত্রে জানা যায়, শ্রীনগর থানাধীন ষোলঘর মৌজার আরএস ২০৫৪ ও ২৩১৩ নম্বর খতিয়ানভুক্ত এবং আরএস ১৮২৫, ১৮২৬, ১৮২৭, ১৮২৮, ১৮২৯, ১৮৩০ নম্বর দাগের মোট ৫৮ শতাংশ সম্পত্তির মধ্যে ২৮ শতাংশ জমি নিয়ে এই বিরোধ ও নালিশ চলছে।
এ ঘটনায় শ্রীনগর থানায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন