শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেছেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর।”
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় জেলা পরিষদ ডাকবাংলোর সভাকক্ষে উপজেলা বিএনপির আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করেন কমিটির নেতারা।
এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময়ে গণতান্ত্রিক পরিবেশে এবারের দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দময় ও নিরাপদ হোক—এটাই প্রত্যাশা।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন ও ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র, সুনীল পাল, কিরণ শংকর প্রসাদ সাহা, অনিক সেন ও বিপ্লব রঞ্জন সরকারসহ অন্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন